মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় গঠিত তদন্ত টিম সঠিক ভাবে কাজ করতে না পারলে প্রয়োজনে মানবাধিকারের নিজস্ব তদন্ত টিম গঠন করা হবে। পুলিশকে শুধু প্রত্যাহারই নয় তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করতে হবে।
সোমবার দুপুরে কালিহাতীতে নিহত মো. রুবেল হোসেনের বাড়ি দক্ষিণ বেতডোবায় পরিদর্শনে গিয়ে রুবেলের মাকে এসব কথা বলেন তিনি। এ সময় এই ঘটনার নিন্দা জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এরপর তিনি পুলিশের গুলিতে আহতদের দেখতে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
ড. মিজানুর রহমান বলেন, হত্যাকারী যেই হোক, তাদের বিচার হতে হবে।
এ সময় মিজানুর রহমানের সঙ্গে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুর রহমান, এডিসি মো আনোয়ার হোসেন, এডিএম সরোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, কালিহাতীতে মা ও ছেলেকে নির্যাতনের প্রতিবাদে গত শুক্রবার বিকালে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালায়। এ সময় চার গ্রামবাসী নিহত হন।
