আদমদীঘিতে হিজরার রহস্যজনক মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৩৩
বগুড়ার আদমদীঘিতে রবিবার রাতে সবুজ (২৩) নামের এক হিজরার রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি বিষপানে আত্মহত্যা করেছেন, না তাকে কৌশলে হত্যা করা হয়েছে এনিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। 
 
অফিসার ইনচার্জ শওকত কবির জানায়, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
 
স্থানীয়রা জানায়, আদমদীঘির ছাতিয়ানগ্রামের মোস্তাকিন সরদারের ছেলে সবুজ হোসেন। তার খালা আক্কেলপুরের কাশিড়া গ্রামের আসমা বেগমের বাড়িতে গত ৪-৫ মাস ধরে বসবাস করেন। রবিবার সকালে মুমূর্ষ অবস্থায় সবুজ হিজরাকে তার বাবার বাড়ি ছাতিয়ান গ্রামে রেখে খালা আসমা চলে যান। 
 
প্রতিবেশীরা তাকে নওগাঁ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক পাকস্থলী ওয়াস করেন। অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। প্রতিবেশীরা তাকে রাজশাহী না নিয়ে বাড়িতে নিয়ে গেলে রাত ১০ টায় মারা যান তিনি।