প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তার মৃত্যুতে আধুনিক ক্রিকেট একজন কৌতুহলী ব্যক্তি, প্রমোটার এবং শুভাকাঙ্ক্ষীকে হারাল। ডালমিয়ার স্ত্রী চন্দ্রলেখা ডালমিয়ার কাছে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "এটা খুবই বেদনার যে, আমাকে গতকাল (রবিবার) জগমোহন ডালমিয়ার মৃত্যু সংবাদ পেতে হলো।"
ক্রিকেট খেলে এমন একটি দেশের নেতা হিসেবে শেখ হাসিনা বলেন, বিগত বছরগুলোতে তার উৎসাহ এবং সমর্থনের বিষয়টি বাংলাদেশের জনগন স্মরণ করবে। শেখ হাসিনা বলেন, জগমোহন ডালমিয়া ক্রিকেটের জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল'র সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে আধুনিক ক্রিকেট একজন কৌতুহলী ব্যক্তি, প্রমোটার এবং শুভাকাঙ্ক্ষীকে হারিয়েছে। শেখ হাসিনা বলেন, "বাংলাদেশ, ভারতের এবং বিশ্বের ক্রিকেট পাগল জনগনের সঙ্গে আমিও তার বিদেহী আত্মার পারলৌকিক শান্তি কামনা করি। এ ছাড়াও আপনি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা যাতে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার শক্তি ও সাহস পান সেজন্য আমি প্রার্থনা করি।"
উল্লেখ্য, জগমোহন ডালমিয়া গতকাল সন্ধ্যায় কলকাতার বিএম বিড়লা হাসপাতালে ৭৫ বছর বয়সে মারা যান। গত ১৭ সেপ্টেম্বর বুকে ব্যথা হলে তাকে হাসপাতালে ভর্তি এবং হার্টে সার্জারী করা হয়। সার্জারীর ৭২ ঘন্টার মধ্যে তিনি মারা যান।
