কলেজ ছাত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ২২:০৩
 
নওগাঁর নিয়ামতপুরে তানিয়া ইসলাম (১৭) নামে এক কলেজ ছাত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত ৮ টার দিকে উপজেলার হাজিনগর গ্রামের তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। তানিয়া ইসলাম ওই গ্রামের মোকলেছুর রহমানের মেয়ে ও উপজেলা পন্ডুনগর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
 
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ ওবাইদুল হক জানান, সোমবার বিকেলে হাজিনগর গ্রামের তানিয়া ইসলামের মা প্রতিবেশির বাড়িতে গিয়েছিলেন। বাবা মোকলেছুর রহমান রাজশাহীতে চাকুরি করায় সে সময় বাড়িতে কেউ ছিল না। সন্ধ্যায় তানিয়ার মা বাড়ি ফিরে ঘরের মধ্যে তানিয়ের গলাকাটা মৃতদেহ দেখতে পান। এ সময় তানিয়ার মায়ের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসেন। পরে থানায় সংবাদ দিলে রাত ৮ টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
 
ওসি ওবাইদুল হক আরো জানান, তবে কি কারণে এই হত্যাকান্ড হয়েছে তার সঠিক কারণ তাৎক্ষণিক জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।