ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে কোন নিপীড়ন চলছে না। এসময়, ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগও নাকচ করে দেন প্রধানমন্ত্রী।
'আমি জনগণের জন্য রাজনীতি করি, আমার জন্য নয়। দেশের মানুষ এখন গণতন্ত্রকে উপভোগ করছে। একদলীয় শাসন কায়েম করার কোন ইচ্ছাই আমার নেই। আমাদের চেষ্টা সকল মানুষের মৌলিক চাহিদা পূরণ করা।' গার্ডিয়ানকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।
দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব এবং ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হব। দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে এবং জনগণ তাতে সন্তুষ্ট।
IMG0
সাক্ষাতকার গ্রহণকারী সাংবাদিককে তিনি বলেন, 'আপনি যে বলছেন আমি কর্তৃত্বপরায়ণ আচরণ করছি বিষয়টা তা নয় বরং আমি জনগণের সেবা করে যাচ্ছি।'
এর পর তিনি জানান, 'বর্তমানে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা উপভোগ করছে। দেশে ৪১ টি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ৭০০ টির বেশি পত্রিকা রয়েছে। সুতরাং তারা সবাই লিখছে এবং তারা পূর্ণ স্বাধীনতা নিয়েই লিখছে।'
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে অবস্থানকালে সোমবার এই সাক্ষাৎকার প্রকাশ করল গার্ডিয়ান।
