সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিত্সা শেষে সোমবার রাতে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি বিমানে রাতে ঢাকা ফেরেন তিনি। রবিবার সকালে সিঙ্গাপুর পৌঁছেন ফখরুল। এক দিন যাত্রাবিরতির পর সোমবার বিকেলে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা ছয় মাস ১০ দিন কারাবন্দী থেকে ১৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান। মুক্তির পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সা নেন তিনি। ২৬ জুলাই চিকিত্সার জন্য মির্জা ফখরুল স্ত্রী আহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে যান। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ঘাড়ের চিকিত্সা করান তিনি। পরে উন্নত চিকিত্সার জন্য ১১ আগস্ট যুক্তরাষ্ট্রে যান। সেখানে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিত্সা গ্রহণ করেন তিনি।
