অনলাইন পত্রিকা উত্তরাধিকার ৭১ নিউজ ডট কমের সম্পাদক সাংবাদিক প্রবীর সিকদারের জামিন বহাল রেখেছে ফরিদপুরের ১নং আমলী আদালত। একই সঙ্গে ব্যক্তিগত হাজিরা থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়।
আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম এই আদেশ দেন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায়। আগামী ৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
প্রসঙ্গত, নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাংবাদিক প্রবীর শিকদার। এরই প্রেক্ষিতে গত ১৬ অগাস্ট ঢাকার অফিস থেকে আটক করে পুলিশ। ওইদিন রাতেই ফরিদপুর কোতয়ালী থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় তার বিরুদ্ধে মামালা দায়ের করে এপিপি অ্যাডভোকেট স্বপন পাল। ১৭ অাগস্ট তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ১৮ অাগস্ট রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে একদিন পরেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই উল্লেখ করে আদালতে হাজির করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)।
আজ সকালে আদালতে হাজিরা দেয়ার জন্য ফরিদপুরে আসেন সাংবাদিক প্রবীর শিকদার। বেলা ১১টার দিকে আদালতে কার্যক্রম শুরু হয়। সাড়ে ১১টার দিকে প্রবীর শিকদারের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। মামলার আগামী শুনানির দিন ধার্য হয়েছে ৬ ডিসেম্বর।
এসময় বাদী পক্ষের কোন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। অন্যদিকে প্রবীর শিকদারের পক্ষে আদালতে কথা বলেন, অ্যাডভোকেট মোস্তফা জামান উজ্জ্বল।
