বাংলাদেশে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৫’ প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয়েছে। এডিবির ঢাকা কার্যালয়ে সংস্থার প্রধান অর্থনীতিবিদ মো. পারভেজ ইমদাদ প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেছেন।
এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগ, রফতানি আয় ও রেমিটেন্স বাড়ায় ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের পক্ষে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব।
পারভেজ ইমদাদ বলেছেন, গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি প্রশংসনীয় দৃঢ়তা দেখিয়ে প্রতিবছর গড়ে ৬.২ শতাংশ হারে বেড়েছে। গত পাঁচবছরে এই হার ছিল গড়ে ৬.৩ শতাংশ।
চলতি অর্থবছরের বাজেটে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে বাংলাদেশ সরকার।
