মানজুকিচের ইনজুরিতে দু:শ্চিন্তায় জুভেন্টাস

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৫৩

ডান থাইয়ের পেশীর ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছে জুভেন্টাসের  স্ট্রাইকার মারিও মানজুকিচ। আর ক্রোয়েশিয়ান এই তারকাকে হারিয়ে দারুন দুঃশ্চিন্তায় পড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। বিশেষ করে ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে মানজুকিচের অনুপস্থিতি ভাবিয়ে তুলেছে তুরিনের ক্লাবটিকে।


জেনোয়ার বিপক্ষে রোববার সিরি-আ লীগে ২-০ গোলে জয়ের ম্যাচটিতে মানজুকিচ এবং অপর স্ট্রাইকার আলভারো মোরাতা দুজনেই মাঠ ছাড়তে বাধ্য হন। এটি ছিল টানা চারবারের চ্যাম্পিয়নদেও এবারের সিরি-আ মৌসুমে জয়। সোমবার মানজুকিচের পায়ের স্ক্যান রিপোর্টে ইনজুরির মাত্রা ধরা পড়েছে। এরপরপরই জুভেন্টাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে আগামী অন্তত ২০ দিনের জন্য মানজুকিচকে মাঠের বাইরে থাকতে হবে। এর অর্থ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর সেভিয়ার বিপক্ষে তার সার্ভিস পাচ্ছে না জুভেন্টাস। এই ইনজুরির কারণে ৮ অক্টোবর বুলগেরিয়ার বিপক্ষে ইউরো ২০১৬ এর বাছাইপর্বেও তার খেলার নিয়ে সংশয় দেখা দিয়েছে। মানজুকিচ বাড় পড়লেও মোরাতার জন্য অবশ্য সুখবরই আছে। রোববার পেশীতে টান পড়লেও কোন বড় ধরনের ইনজুরি ধরা পড়েনি। বুধবার ফ্রোসিনোনের বিপক্ষে ঘরের মাঠে সিরি-আ ম্যাচে তার খেলার নিশ্চয়তা দিয়েছে জুভেন্টাস। বাসস