আশুগঞ্জে নতুন ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র অনুমোদন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৪৪
 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২ হাজার ৯৩১ কোটি টাকা ব্যয়ে গ্যাসভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প একনেক সভায় অনুমোদন পেয়েছে। এখান থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।
 
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (পূর্ব)’ প্রকল্প এই অনুমোদন পায়। একনেকের বৈঠকের পর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিডেট (এপিএসসিএল) ২০২০ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করবে।’
 
জানা গেছে, প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ২ হাজার ৩৫৮ কোটি ২৮ লাখ টাকা পাওয়া যাবে প্রকল্প সাহায্য হিসেবে। ৪২০ কোটি ৬৯ লাখ টাকা সরকার যোগাবে, আর সংস্থার নিজস্ব অর্থায়নে আসবে ১৫২ কোটি ৪০ লাখ টাকা।