জালিয়াতি করে গাড়ি বিক্রি করেছে ভক্সওয়াগন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ২২:০১
 
ভক্সওয়াগন (জার্মান উচ্চারণ ফোক্সভাগেন) দূষণ পরীক্ষা এড়ানোর জন্য বিশেষ সফটওয়্যারের মাধ্যমে জালিয়াতির আশ্রয় নিয়েছিল। এই বিশেষ সফটওয়্যারসহ প্রায় ১১ মিলিয়ন গাড়ি যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি করেছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। শুধু যুক্তরাষ্ট্রেই নয় অন্যান্য দেশেও দূষণ পরীক্ষা এড়াতে এমন জালিয়াতির আশ্রয় নিয়েছিল বলে স্বীকার করেছে তারা।
 
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ ডিজেলচালিত গাড়িগুলোতে এমন একটি সফটওয়্যার দেওয়া হয়েছে যা এমিশন টেস্টের সময় স্বয়ংক্রিয়ভাবে গাড়ির এমিশন কন্ট্রোল সিস্টেম চালু করে দেয়। তবে অন্য সময় এই সিস্টেম বন্ধ থাকে যার ফলে ক্ষতিকর নাইট্রোজেন অক্সাইডের নিঃসরণ ৪০ গুণ বেশি হতে পারে।
 
এর আগে ভক্সওয়াগন জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে বিক্রি করা পাঁচ লাখ গাড়িতে এই 'সমস্যাটি' থাকতে পারে। কোম্পানিটি এই সমস্যা দূর করতে সাত দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করার কথা জানিয়েছে। ক্রেতাদের আস্থা ফিরে পেতেও এই তহবিল থেকে অর্থ ব্যয় করবে ভক্সওয়াগন।
 
এমিশন কন্ট্রোলের ফিচারটি সাধারণত ইঞ্জিনের ক্ষমতা খানিকটা কমিয়ে দেয়। ইঞ্জিনের শক্তি না কমানোর জন্যই মূলত ভক্সওয়াগন গাড়িগুলোতে এই সফটওয়্যার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল। অতিরিক্ত এই নাইট্রোজেন নিঃসরণের ফলে মারাত্মক স্বাস্থ্যহানির আশঙ্কা থাকে। সূত্র: এনডিটিভি, ম্যাশএবল