ইউরোপে সম্প্রতি প্রবেশ করা শরণার্থী সমস্যার ক্ষেত্রে সমঝোতায় পৌছেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্রমন্ত্রীদের এ বিষয়ে গতকাল মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠক করেন। সমঝোতা অনুযায়ী, অভিবাসীরা ইতালি, গ্রিস এবং হাঙ্গেরি থেকে অন্যান্য দেশে যাবে। এ নিয়ে ভোটাভুটি হয়। ভোটে মধ্য ইউরোপের চার দেশ বিপক্ষে ভোট দেয়। তবে বেশিরভাগ ইইউ সদস্য এর পক্ষে ভোট দেয়। সম্প্রতি ইইউ দেশগুলোতে ১ লাখ ২০ হাজার শরণার্থী প্রবেশ করেছে। খবর বিবিসি ও এএফপি’র
সাম্প্রতিক সময়ে রেকর্ডসংখ্যক শরণার্থী স্রোতের কারণে জার্মানি ১৩ সেপ্টেম্বর সাময়িকভাবে সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ করে। জার্মান রেল কর্তৃপক্ষ ডয়চে বান এক অনলাইন বার্তায় জানায়, সীমান্ত নিয়ন্ত্রণের কারণে অস্ট্রিয়ার সলজবুর্গ ও হাঙ্গেরির বুদাপেস্ট রুটে ট্রেন চলাচল প্রাথমিকভাবে ৪ অক্টোবর ২০১৫ পর্যন্ত বন্ধ থাকবে। তবে যাত্রীরা অন্য রুটে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা যেতে পারবে।
