মেক্সিকোর ৮ পর্যটকের মৃতদেহ দেশে পাঠানো হয়েছে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৫, ১২:০৮

বৃহস্পতিবার দেশে পৌঁছেছে মিশরে নিহত মেক্সিকোর ৮ পর্যটকের মৃতদেহ। মিশরীয় বাহিনী ভুল করে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালালে এসব পর্যটক মারা যায়। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

১৩ সেপ্টেম্বরের ওই হামলায় এসব মেক্সিকানের সঙ্গে চার মিশরীয় নাগরিকও নিহত হয়। মিশরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমির মধ্য দিয়ে এই পর্যটকরা বাহারিয়া মরুদ্যানে যাওয়ার সময়ে এ ঘটনা ঘটে। গত সপ্তাহে এই হামলায় আহত আরো ছয় মেক্সিকান বাড়ি ফিরে গেছে। তারা মেক্সিকোর সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

পররাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নী জেনারেলের কার্যালয় থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমস্টারড্যামে যাত্রা বিরতির পর একটি বাণিজ্যিক ফ্লাইটে করে মৃতদেহগুলো দেশে পৌঁছেছে। বিবৃতিতে আরো বলা হয়, মৃতদেহগুলোকে মেক্সিকো সিটির অ্যাটর্নী জেনারেলের কার্যালয়ের ফরেনসিক বিভাগে পাঠানো হবে।
পরে পরিবারের সদস্যদের কাছে এসব লাশ হস্তান্তর করা হবে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এই ঘটনায় মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসিকে টেলিফোন করে তার ক্ষোভ প্রকাশ করেন।