শরণার্থী ভাগাভাগি করে নিতে ইইউ এর জরুরি বৈঠক আজ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩০
হাঙ্গেরি সহ বেশ কয়েকটি দেশের প্রচন্ড বিরোধিতার মধ্যেও এক লক্ষ বিশ হাজার শরণার্থী কিভাবে ইউরোপে ভাগাভাগি করার পরিকল্পনা অনুমোদন করতে আজ ব্রাসেলসে মিলিত হচ্ছেন ইউরোপিয় ইউনিয়নের নেতারা।
 
 
গতকাল মহাদেশজুড়ে আগামী দু’বছরে ১ লাখ ২০ হাজার শরণার্থীকে ভাগাভাগি করে আশ্রয় দেয়ার বিতর্কিত কোটা পরিকল্পনা অনুমোদন করেছেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা। সাবেক কমিউনিস্ট পূর্বাঞ্চলীয় দেশগুলোর বিরোধিতা অগ্রাহ্য করে পরিকল্পনাটি গৃহীত হয়েছে। এই ধরণের গুরুতর প্রস্তাব সবার ঐকমত্য ছাড়া নেওয়া হয় না সাধারণত। আজ ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর সর্বোচ্চ নেতারা্ এই পরিকল্পনা অনুমোদন করতে বসবে। জরুরি এই বৈঠকের আগে সমন্বিত ইউরোপিয়ান কোনো সিদ্ধান্তে পৌছাতে পারেনি সদস্য দেশগুলো। আজকের বৈঠকে বাধ্যতামূলক শরণার্থী গ্রহণের কোটা নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি ইউরোপিয়ান সীমান্তের নিরাপত্তা বৃদ্ধির দিকে জোর দেওয়া হবে।
 
 
এছাড়া সিরিয়ার আশে পাশে অবস্থিত দেশগুলোতে সাহায্য প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে যাতে শরণার্থীরা ইউরোপমুখী না হয়। ব্রাসেলসে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন একটি বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকের পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, যেসব শরণার্থীরা উপযুক্ত কারণ প্রদান করতে পারবে তাদের ফেরত পাঠানো হবে।
 
 
তবে জাতিসংঘ জানিয়েছে যে শুধুমাত্র এই কোটাপদ্ধতির মাধ্যমে শরণার্থীদের সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই বছরে এখন পর্যন্ত চার লক্ষ আশি হাজার শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে। গড়ে প্রতিদিন ছয় হাজার শরণার্থী ইউরোপে প্রবেশ করছে। বিবিসি