খুলনায় পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে দু’বছরের শিশু রাইসাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৯টারদিকে নগরীর শিপইয়ার্ড সংলগ্ন মতিয়াখালী এলাকার বাড়ির ভেতর থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
অপহৃত শিশুর বাবা নূরুল ইসলাম অভিযোগ করেন, নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মতিয়াখালীর নিজ (২১নং হোল্ডিং) বাড়ির মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে তার শিশু কন্যা রাইসা খেলা করছিল। এ সময় কয়েকজন বাড়িতে ঢুকে জোর করে শিশুটিকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের চেনা সম্ভব হয়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে- সেটিও ধারণা করতে পারছেন না তিনি।
এদিকে ঘটনার কিছুক্ষণ পর অপহরণাকারীরা তার মোবাইলফোনে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মেয়েকে ফিরে পাওয়ার জন্য তাৎক্ষণিকভাবে তিনি বিকাশের মাধ্যমে তাদের ২৫ হাজার টাকা দিয়েছেন। কিন্তু আরও টাকা না দিলে ছাড়বে না বলে অপহরণকারীরা জানিয়ে দিয়েছে। বিষয়টি তিনি খুলনা সদর ও লবণচরা থানা এবং স্থানীয় সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে জানিয়েছেন।
এ বিষয়ে খুলনা থানায় গেলে তাকে লবণচরা থানায় অভিযোগ করতে বলা হয়। এ ব্যাপারে নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশারফ হোসেন বলেন, শিশু অপহরণের ঘটনাটি সত্যি। তাকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাশপাশি র্যাবের সদস্যরাও শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে।
