বিভিন্ন ধরনের উত্পাদনশীল কাজের জন্য মাইক্রোসফটের বিশ্বব্যাপী জনপ্রিয় সফটওয়্যার স্যুট অফিসের নতুন সংস্করণ অফিস ২০১৬ যাত্রা শুরু করেছে। তাদের ক্লাউডনির্ভর সাবস্ক্রিপশন সেবা অফিস ৩৬৫-এ সর্বশেষ সংযোজন হিসেবে অফিস ২০১৬ যুক্ত হয়েছে। নতুন অফিস সংস্করণে ডেস্কটপের জন্য নতুন করে ডিজাইন করা হয়েছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক, অ্যাকসেসের মতো প্রোগ্রামকে।
নতুন এই সংস্করণে মাইক্রোসফট কোলাবরেটিভ কাজের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের অফিশিয়াল কাজও অনলাইনে সম্পন্ন হচ্ছে বলে একই ফাইল নিয়ে একাধিক ব্যক্তির একসাথে কাজ করার প্রবণতা বাড়ছে। তাছাড়া টিমওয়ার্কের ক্ষেত্রেও অনলাইন কোলাবরেশনের সুবিধার কারণে শারীরিকভাবে আর টিমের সদস্যদের একসাথে বসে কাজ করার দরকার হয় না।
এই সুবিধাগুলোই পূর্ণাঙ্গরূপে প্রদান করবে অফিস ২০১৬। মোবাইল ডিভাইসের জন্যও রয়েছে এর সংস্করণ। উইন্ডোজ ৭ বা এর পরের যেকোনো সংস্করণের উইন্ডোজে ব্যবহার করা যাবে এটি। বিশ্বব্যাপী বহুল ব্যবহূত ৪০টি ভাষায় এটি উন্মুক্ত করা হয়েছে। সত্য নাদেল্লা জানিয়েছেন, অফিসের অন্যান্য সংস্করণের মতোই এটিও বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করতে সমর্থ হবে বলে তিনি আশাবাদী।
