উপজেলা পরিষদ নির্বাচন

মিঠাপুকুরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ ও জাপা প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র প্রত্যাহার

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২২:৫৬

তৃতীয় ধাপে মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ‘বিদ্রোহী’ প্রার্থী মোজাম্মেল হক মিন্টু মিয়া ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মেসবাহুল ইসলাম মিলন মনোনয়পত্র প্রত্যাহার করেছেন। এছাড়াও, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা বেগম মনোনয়পত্র প্রত্যাহার করে নেন। বৃহস্পতিবার জেলা নির্বাচন কার্যালয়ে তারা মনোনয়ন পত্রগুলো প্রত্যাহার করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও খোঁজ নিয়ে জানা গেছে, মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ মার্চ। 

ইতোমধ্যে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্রপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, আরেক ‘বিদ্রোহী’ আওয়ামী লীগ নেতা মেসবাহুর রহমান প্রধান, জাতীয় পার্টির প্রার্থী মেসবাহুল ইসলাম মিলন ও আব্দুল হালিম মন্ডল। 

এছাড়াও, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা সম্রাট মামুন পাশা, বাবু নিরঞ্জন মহন্ত, নেয়ামুল হক মন্ডল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আখতার, মওদুদা আক্তার ও আফরোজা বেগম মনোনয়নপত্র জমা দেন।

বৃহস্পতিবার জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মোজাম্মেল হক মিন্টু মিয়া ও জাতীয় পার্টির প্রার্থী সেমবাহুল ইসলাম মিলন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আফরোজা বেগম মনোনয়পত্র প্রত্যাহার করেন। 

আগামী ২৪ মার্চ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেসবাহুর রহমান প্রধান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা সম্রাট মামুন পাশা, বাবু নিরঞ্জন মহন্ত ও নেয়ামুল হক মন্ডল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আখতার ও মওদুদা আক্তার নির্বাচনে অংশ নিচ্ছেন।

ইত্তেফাক/আরকেজি