'সুুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারেকের বিরুদ্ধে মামলা হয়েছে'

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৫২


সুুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি আজ সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে গরীব ও দুস্থদের মাঝে নগদ টাকা বিতরণকালে এ কথা বলেন।

হানিফ বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে দেশের পত্র-পত্রিকা দেখলে তা বোঝা যাবে। সুতরাং, তারেক রহমানের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে সে সব মামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় গ্রেফতারকৃত জঙ্গিদের দেয়া ১৬৪ ধারা জবানবন্দীতে তার নাম বেরিয়ে এসেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বিদেশ যাওয়া প্রসঙ্গে হানিফ বলেন, সৈয়দ আশরাফ স্বপরিবারে ঈদ করতে লন্ডনে গেছেন। বিএনপির সঙ্গে তিনি বৈঠক করতে লন্ডনে গেছেন এ বিষয়টি যারা বলে তাদের চিন্তা-চেতনা নিয়ে আমার সন্দেহ হয়।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার খোদেজা খাতুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবি, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজাসহ দলীয় নেতা ও কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বাসস।