মিনায় হাজি নিহত : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৫, ১৯:২২

 

হজপালনকালে সৌদি আরবে পদদলিত হয়ে ৭১৭ জন হাজির মৃত্যুতে শোকা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পৃথক বার্তায় তারা মারা যাওয়া এই হাজিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন ও প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিনায় নিহত হাজিদের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পৃথক বার্তায় তাদের সঙ্গে শোক প্রকাশ করেছেন ম্পিকার শিরিন শারমিন চৌধুরী।

 

এদিকে মিনায় হাজিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি।

 

জাতীয় পার্টির (জেপি) পক্ষ থেকে দলটির চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম এত পৃথক বার্তায় হাজিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক প্রকাশ করেন। দলটির যুগ্ম দফতর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী টেলিফোনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার হজ পালনকালে সৌদি আরবে পদদলিত হয়ে কমপক্ষে ৭১৭ জন হাজি নিহত হয়েছে। আহত হয়েছে ৮০০ জনেরও বেশি হাজি।