হজযাত্রীদের নিরাপত্তার বিষয়টি মূল্যায়ন করার আদেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। সৌদি আরবে পদদলিত হয়ে কমপক্ষে ৭১৭ জন হাজির মৃত্যুর পরে তিনি এই আদেশ জারি করেন।
গত ২৫ বছরে সবচেয়ে ভয়ানক এই দুর্ঘটনায় আরো ৮৬৩ জন মানুষ আহত হন। শয়তানের উদ্দেশ্যে প্রতিকী পাথর নিক্ষেপ করতে যাত্রা করা লাখ লাখ হাজিদের চলাচল ঠিকমতো ব্যবস্থাপনা করতে না পারার কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। বাদশাহ সালমান স্বীকার করে নেন, হজ ব্যবস্থাপনা আরো উন্নতি করার প্রয়োজন ছিল। তিনি আরো বলেন, এই ঘটনা তদন্তে সৌদি সরকার কর্তৃক একটি কমিশন গঠন করা হবে।
এর আগে সৌদি স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল ফালিহ বলেছিলেন, হাজি’রা কর্তৃপক্ষের দেওয়া সময় মেনে না চলায় এই দুর্ঘটনা ঘটেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এই ঘটনার সমস্ত দায় চাপিয়েছেন সৌদি কর্তৃপক্ষর উপরে। ৯৫ জন ইরানি প্রাণ হারানোর পরে তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষকে সব দায় নিতে হবে কারণ তাদের অব্যবস্থাপনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।বিবিসি
