জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৫, ১২:৪৬


রাষ্ট্রপতি আবদুল হামিদ শুক্রবার সকালে জাতীয় ঈদগাহে সর্বস্তরের জনগণের সঙ্গে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। নামাজের পর রাষ্ট্রপতি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে, রাষ্ট্রপতি ঈদগাহে এসে পৌঁছলে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন তাকে স্বাগত জানান।

মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সুপ্রিম কোর্টের বিচারকগণ, সংসদ সদস্যবর্গ, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দও ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ঈদের জামাতে ইমামতি করেন।

নামাজ শেষে দেশের শান্তি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আয়োজন করে।

জাতীয় ঈদগাহে ঈদের নামাজে মহিলাদের শরিক হওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়।

ঈদগাহের আশপাশে আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিরাপত্তা জোরদার ছিল।

-বাসস