ঈদে দর্শকদের আনন্দময় মুহূর্ত উপহার দিতে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চার ছবি। এগুলো হলো জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘আশিকী’, ভাওয়াল পিকচার্স প্রযোজিত ‘রাজাবাবু, ইমপ্রেস টেলিফিল্মের প্রার্থনা ও গাড়িওয়ালা।
বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু’ ছবিতে অভিনয় করেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তার বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, ববি। মিশা সওদাগর, উজ্জ্বল দিতি, প্রবীর মিত্র সহ আরও অনেকে অভিনয় করেছেন এ ছবিটিতে। ছবিটি প্রায় ১৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন বদিউল আলম খোকন।
‘আশিকী’ ছবি নির্মাণ করেছেন পরিচালক অশোক পতি ও আব্দুল আজিজ। ছবিতে কলকাতার অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধেছেন আরজে, উপস্থাপিকা ও মডেল নুসরাত ফারিয়া। যৌথ-প্রযোজনার এ ছবিটি মুক্তি পাচ্ছে ১০০’র বেশি হলে।
এদিকে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত প্রার্থনা ছবিতে অভিনয় করেছেন, মৌসুমী নাগ, কল্যাণ কোরাইয়া, জয়, তৌকিরসহ আরও অনেকে। ছবিটি কয়েকটি প্রেক্ষাগৃহসহ চ্যানেল আইতে মুক্তি পাবে। আশরাফ শিশির পরিচালিত ‘গাড়িওয়ালা’ ছবিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, সুপারহিরো-সুপারহিরোইনখ্যাত ইমরান প্রমুখ। সিনেমা হলের পাশাপাশি চ্যানেল আইয়ে দেখা যাবে ঈদের পঞ্চম দিন সকাল সাড়ে ১০টায়।
