জাতিসংঘের সাধারণ অধিবেশনে মালালার বক্তব্য

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৫, ১৫:২০


২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী পাকিস্তানি নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই বক্তব্য দিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। এ সময় তিনি মেয়েদের জন্য শিক্ষার সমান সুযোগ তৈরির আহ্বান জানান। একজন সিরীয় ও একজন পাকিস্তানি মেয়েকে পাশে নিয়ে শুক্রবার জাতিসংঘের গ্যালারি থেকে বক্তব্য দেন মালালা।

সবচাইতে কম বয়সে নোবেল পুরস্কার পাওয়া মালালা তার বক্তব্যে সকলের জন্য শিক্ষাকে অধিকার হিসেবে বর্ণনা করেন। পাকিস্তানের সোয়াত উপত্যকায় বসবাস করার সময় বিবিসি উর্দু ওয়েবসাইটে মেয়ে শিশুদের শিক্ষার অধিকার নিয়ে লেখালেখি করার কারণে তালেবানদের বিরাগভাজন হন তিনি।

২০১২ সালের অক্টোবরে তালেবান জঙ্গিরা স্কুল বাসে উঠে মালালাকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ মালালা শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি। বিডি নিউজ।