‘পর্যটন শিল্পের বিকাশে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে যুগোপযোগী আইন-নীতিমালা প্রণয়ন, হালনাগাদকরণ ও বাস্তবায়ন আবশ্যক।’ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক বক্তব্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ কথা বলেছেন।
প্রতিবছরের মতো এ বছরও ২৭ সেপ্টেম্বর যথাযথ গুরুত্বের সাথে বাংলাদেশে ‘বিশ্ব পর্যটন দিবস-২০১৫’ পালন করা হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পর্যটন স্পটগুলো চিহ্নিত করে পর্যটন স্পটগুলোকে আধুনিক ও সম্প্রসারণ করা হলে বিদেশি ছাড়াও দেশি পর্যটকের সংখ্যা বাড়বে। ফলে এ সেক্টরে ব্যাপক কর্মসংস্থান হবে।’
মো. আবদুল হামিদ বলেন, ‘বিশ্বব্যাপী পর্যটন একটি দ্রুত সম্ভাবনাময় শিল্প। সার্কভুক্ত অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে আসা বিদেশি পর্যটকের সংখ্যা যথেষ্ট কম। পর্যটন শিল্প বিকাশে গবেষণা, আধুনিক ব্যবস্থাপনা এবং দক্ষ জনবল সৃষ্টি করাও গুরুত্বপূর্ণ। বিদেশি পর্যটক আকর্ষণের জন্য দেশ-বিদেশে আয়োজিত পর্যটন মেলাসমূহে নিয়মিত অংশগ্রহণ এবং বাংলাদেশের পর্যটনের ব্যাপক প্রচার এ লক্ষ্যে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’
