ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্যানেলের পরিচিতি সভা বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে এ ঘটনা ঘটেছে।
হল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হল রিটার্নিং কর্মকর্তা ইলা ইসমাইলের অনুমতি নিয়ে কুয়েত-মৈত্রী হলের টিভি রুমে পরিচিতি সভার আয়োজন করে স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী নুরুন্নাহার পলি। কিন্তু ছাত্রলীগ মনোনীত হল সংসদের প্যানেলের প্রার্থীরা অনুমতি না নিয়েই সন্ধ্যা ছয়টা থেকে হলের টিভি রুমে প্যানেল পরিচিতি সভা করে। এ বিষয়ে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাকে জানালেও তিনি ছাত্রলীগের প্রার্থীদের অবহিত করেন। তবে তারা টিভি রুম ছাড়েন নি।
এই বিষয়ে অভিযোগ করে স্বতন্ত্র প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী নুরুন্নাহার পলি বলেন, আমরা স্বতন্ত্র প্যানেল আগেরদিন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পরিচিতি সভার করতে লিখিত অনুমতি নিই। কিন্তু সভা করতে গিয়ে দেখি সেখানে ছাত্রলীগের প্যানেলের সভা চলছে। রিটার্নিং কর্মকর্তাকে জানালে তিনি আমাদের ছাড়া আর কাউকে অনুমতি দেননি বলে জানান। এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন।
অভিযোগের বিষয়ে জানতে ছাত্রলীগের মনোনীত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন ধরেন নি। এ বিষয়ে ছাত্রলীগের নির্বাচনী কমিটির চেয়ারম্যান ও ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসকে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেন নি।
এই বিষয়ে জানতে কুয়েত মৈত্রী হলের রিটার্নিং কর্মকর্তা ইলা ইসমাইলকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেন নি।
উল্লেখ্য, ডাকসু গঠনতন্ত্রের পাঁচ নম্বর ধারার (ঞ) তে আছে ‘কোনো সভা, সমাবেশ, শোভাযাত্রা বা নির্বাচনী প্রচার কাজে বাধাদানকারী বা গোলযোগ সৃষ্টিকারীর বিরুদ্ধে রিটার্নিং অফিসার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।
ইত্তেফাক/আরকেজি
