‘মিনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৬৯’

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ০৮:২৮
সৌদি আরবের মিনায় গত বৃহস্পতিবার পবিত্র হজ পালনের সময় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৯ জনে। শনিবার সৌদি আরব সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। 
 
ওই ঘটনায় মোট ৯৩৪ জন আহত হয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল-ফালিহ। 
 
তিনি বলেন, এ পর্যন্ত সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, নিহত হয়েছেন ৭৬৯ জন। এই সংখ্যা আগে পাওয়া তথ্যের চেয়ে ৫২ জন বেশি। এই ৫২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
গত বৃহস্পতিবার সৌদি আরবে ঈদের দিন সকাল ৯টার দিকে মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ঘটনা ঘটে।