পদদলিত হয়ে হাজিদের মৃত্যু

ইরানের সমালোচনা সৌদি আরবের প্রত্যাখ্যান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১৪:১২

হজ পালনকালে পদদলিত হয়ে হাজিদের মৃত্যুর ঘটনায় ইরানের সমালোচনা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, বেদনাদায়ক এ ঘটনা নিয়ে রাজনীতি করার চেয়ে ইরানীদের জানা উচিত হজ প্রত্যাশীদের পবিত্র হজ সম্পাদন সফল করতে সৌদি আরব কি পরিমাণ সম্পদ ব্যয় করে। এ বিষয়ে সৌদি আরবের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্যময় ইতিহাস।

তিনি বলেন, সময় আসলে আমরা সবকিছুই প্রকাশ করবো। কিছুই গোপন করবো না। যদি ভুল হয়ে থাকে তবে যারা এটা করেছে তাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে।

তিনি আরো বলেন, আমরা নিশ্চিত করে বলছি এ ঘটনা থেকে শিক্ষা নেবো। আমরা আরো নিশ্চিত করে বলছি, এ ঘটনার পুনরাবৃত্তি হবে না। আমি আবারো বলছি এটি নিয়ে রাজনীতি চলে না। আমি আশা করি ইরানী নেতৃবৃন্দ এ বিষয়ে আরো দায়িত্বশীল ও চিন্তাশীল হবেন। তদন্তের ফলাফল না জানা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে জুবায়েরের মতো ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও এখন নিউইয়র্ক রয়েছেন। গত বুধবার হজ পালনের সময়ে পদদলিত হয়ে ৭৬৯ হাজীর মৃত্যুর ঘটনায় হাসান রুহানি তদন্ত দাবি করেছেন। নিহতদের মধ্যে ১৩৬ ইরানিও রয়েছেন।

সিরীয় ও ইয়েমেন সংকটকে কেন্দ্র করে ইরান ও সৌদি আরবের মধ্যে চলা উত্তেজনার মধ্যে দুদেশের মধ্যে নতুন করে এ বিতর্ক দেখা দিল।

-বাসস