শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন শিল্পমন্ত্রী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১৫:০৮


শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আর্থ-সামাজিক বৈষম্যের মূলোৎপাটন এবং নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য বিষয়ক আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে রবিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

তিনি তিন সদস্যের বাংলাদেশী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ।

শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার একথা বলা হয়।

উল্লেখ্য, জাতিসংঘের ৭০তম সাধারণ সভার অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে এ ফোরাম অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, হাঙ্গেরি এবং বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করেছে। এতে সুপেয় পানির নিশ্চয়তা বিধান, নিরাপদ পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে করণীয় নির্ধারণের পাশাপাশি স্বাস্থ্যখাতে নারীর সুযোগ বৃদ্ধি এবং শিল্পবর্জ্য থেকে পানি দূষণ প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

-বাসস