শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে : ভারপ্রাপ্ত আইজিপি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১৯:১৭


ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. মোখলেছুর রহমান বলেছেন, অতীতের যে কোন সময়ের চেয়ে এবারের ঈদ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে।

দিনরাত অক্লান্ত পরিশ্রম করার মাধ্যমে জননিরাপত্তা ও জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করার জন্য পুলিশ বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভারপ্রাপ্ত আইজিপি ঈদের ছুটি শেষে আবার মানুষের কর্মস্থলে ফেরার পথ নিরাপদ এবং নির্বিঘ্ন রাখতে বাড়তি দায়িত্ব পালনের জন্যও পুলিশ সদস্যের প্রতি আহবান জানিয়েছেন।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানুষের নিরাপদ চলাচলে এবং ঈদ উদ্যাপনে যথাযথ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ ভারপ্রাপ্ত আইজিপিকে পাঠানো পৃথক বার্তায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ ও র‌্যাব সদস্যরা রাজধানী ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

ঈদ-উপলক্ষে সর্বস্তরের মানুষের নিরাপত্তায় দেশব্যাপি আইন-শৃঙ্খলা বাহিনীর সোয়া লাখ সদস্য মোতায়েন করা হয়। এরমধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকায় ১২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

ভারপ্রাপ্ত আইজিপি বলেন, ধর্মপ্রাণ মুসল্লীদের ঈদ নিশ্চিত করতে নিজেদের ঈদ কোরবানী দিয়ে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাস্তাঘাটে, ঈদগাহে, ব্যাংক-বীমা আর বিনোদন কেন্দ্রে ব্যস্ত থেকেছে পুলিশ।

মো. মোখলেছুর রহমান বলেন, নাড়ির টানে প্রিয়জনের সাথে মিলিত হবার আনন্দে সবাই বিভোর থাকলেও ব্যতিক্রম ছিল পুলিশ। তারা দিনরাত রাস্তায়, রেলপথ ও নৌপথে, বিমানবন্দরে দাঁড়িয়ে মানুষের নিরাপদ যাতায়াত নির্বিঘ্ন করেছে।

তিনি বলেন, মাত্র তিনদিনে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা এবং আশপাশ থেকে চলাফেরা করেছে। রাস্তাঘাটে, যানবাহনের সীমাবদ্ধতা নিরসনে পুলিশ দায়িত্ব পালন করেছে। কনস্টেবল থেকে শুরু করে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তাগণও জনগণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন করতে রাস্তায় নেমেছেন। বাসস।