বাবা আমার ঈদ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ০২:৪০
ঈদুল আযহা উপলক্ষে চ্যানেল নাইনে বিশেষ নাটক ‘বাবা আমার ঈদ’ প্রচার হবে আজ রাত ৯টা ৩০ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনায় জাহিদ হাসান এবং অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী বিশ্বাস, মেঘ প্রমুখ।
 
৬/৭ বছরের এক মেয়ে মেঘলাকে নিয়ে শহীদের সংসার। মেঘলার জন্মের সময় তার মা মারা যায়। শহীদের এদিকে অফিস কলিগ নয়নার সঙ্গে গড়ে ওঠে মিষ্টি সর্ম্পক। নয়না মায়ের কাছে মানুষ। ছোটবেলায় তার বাবা তাদের ছেড়ে চলে যায়। তাই ছেলেদের প্রতি নয়নার বিশ্বাসটা কখনোই দৃঢ় হয়নি। কিন্তু শহীদকে দেখে সে অবাক হয়। এক সময় তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করবে।
কিন্তু এই সিদ্ধান্ত মানতে পারে না মেঘলা। নয়নাকে দেখলেই সে তাকে নানাভাবে নাজেহাল করে। এতে চিন্তিত হয়ে পড়ে শহীদ ও নয়না। নয়না শহীদকে একটা বুদ্ধি দেয়, বিয়ের পর মেঘলাকে ভালো বোডিং স্কুলে রেখে আসার জন্য। এরমধ্যে একদিন মেঘলা তার বাবার কাছে জানতে চায়, ‘আমাকে আগামী ঈদে কি দেবে?’ শহীদ বলে, ‘এখনও অনেক সময় আছে দেখা যাক।’ কিন্তু মেঘলা ঈদের কিছুদিন আগেই হঠাত্ অজ্ঞান হয়ে যায়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার মেঘলাকে পরীক্ষা করে শহীদকে বলে, ‘আপনার মেয়ের হার্টে একটি ছিদ্র ধরা পড়েছে। দ্রুত হার্ট পরির্বতন না করলে তাকে বাঁচানো যাবে না।’