‘এসডিজি বাস্তবায়নের জন্য কার্যকর জলবায়ু চুক্তি সহায়ক’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১২:০২
 
আসন্ন প্যারিস সম্মেলনে জলবায়ু চুক্তি কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের উজ্জ্বল ভবিষ্যতের জন্য টেকসই উন্নয়ন এজেন্ডা (এসডিজি) বাস্তবায়নে জলবায়ু চুক্তি সহায়ক হবে। স্থানীয় সময় রবিবার জাতিসংঘ সদর দফতরে ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা গ্রহণের জন্য অনুষ্ঠিত জাতিসংঘ সম্মেলনে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন।
 
শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের সকল উন্নয়ন কর্মসূচি ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। আমাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে এবং মানুষের বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তায় নতুন করে জলবায়ু চুক্তি করতে হবে।
 
২০৩০ সালের জন্য একটি গণমুখী টেকসই উন্নয়ন লক্ষ্য গ্রহণে অবদানকারী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের একটি সার্বজনীন উন্নয়ন এজেন্ডা গ্রহণ খুবই জটিল কাজ। এজন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
 
প্রধানমন্ত্রী মিলেনিয়াম ডেভেলপমেন্ট এজেন্ডা গ্রহণের সময়ে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তার উপস্থিতির উল্লেখ করে বলেন, বাংলাদেশ প্রতিশ্রুতি বাস্তবায়নে গত ১৫ বছরে জনগণকে উদ্বুদ্ধ করেছে।
 
শেখ হাসিনা দারিদ্র্য বিমোচন, শিশু মৃত্যুহার হ্রাস ও সংক্রামক রোগসহ এমডিজি বাস্তবায়নে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, এমডিজি বাস্তবায়নে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তর করতে পদক্ষেপ গ্রহণে সহায়তা করেছে।
 
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের কিছু সমাধান এবং অভিজ্ঞতা এখন বৈশ্বিক সমাধানের অংশ হয়েছে। এখন আমরা অবশ্যই এজেন্ডা-২০৩০ এবং আদ্দিস আবাবা এ্যাকশন এজেন্ডার পূর্ণ ও কার্যকর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
 
প্রধানমন্ত্রী আরো বলেন, এসডিজি বাস্তবায়নের জন্য বাংলাদেশ ও উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে আর্থিক, প্রযুক্তি, সক্ষমতা গড়ে তোলা এবং ঋণ সহায়তা প্রয়োজন হবে। তিনি বলেন, আমরা অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক শাসন নিশ্চিত করব।
 
গাম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ব্রাজিল, ভেনেজুয়েলা, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, কাতার, মালদ্বীপ, সিঙ্গাপুর ও সৌদি আরবের রাষ্ট্র ও সরকার প্রধানগণও বক্তব্য রাখেন।