জার্মানির মধ্যাঞ্চলে ক্যাসেল নগরীতে রোববার এক শরণার্থী শিবিরে সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে। নগরীর উপকণ্ঠে এ সহিংসতার ঘটনা ঘটে। খবর এএফপির।
তাঁবু দিয়ে নির্মিত এই শরণার্থী শিবিরটিতে প্রায় ১৫০০ শরণার্থী অবস্থান করছেন। এরা ২০টি দেশ থেকে এসেছেন।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ডিপিএ জানায়, ‘বেশ কয়েক ঘণ্টব্যাপী’ এই সংঘর্ষ ঘটে।
জার্মান বার্তা সংস্থাটি আরো জানায়, আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছে।
দুপুরের খাবারের সময় দুই শরণার্থীর মধ্যে প্রথম সংঘর্ষটি বাঁধে।
পরে এই ঘটনাকে কেন্দ্র করে আলবেনীয় ও পাকিস্তানী দুটি বড় দল সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।
সন্ধ্যায় আরো এক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৭০ শরণার্থীর একটি দলের সঙ্গে প্রায় ৩০০ শরণার্থীর একটি দল সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কয়েক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
-বাসস
