অল্পের জন্য রক্ষা পেয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়েমেন। সোমবার তাকে বহনকারী একটি স্পিডবোট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তার স্ত্রী ও আরো দুইজন আহত হয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মালেতে যাওয়ার সময় পথে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কি কারণে বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।
প্রেসিডেন্টের অফিসের একজন মন্ত্রী মোহম্মদ হুসেইন শরীফ বলেছেন, ঘটনার বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
তিনি জানিয়েছেন, ফার্স্ট লেডি ফাথিমাথ ইব্রাহিম, একজন ঊর্ধ্বতন প্রোটোকোল অফিসার ও প্রেসিডেন্টের একজন দেহরক্ষী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। প্রেসিডেন্ট আবদুল্লাহ তার স্ত্রীর সঙ্গে হাসপাতালে অবস্থান করেছেন। এই ঘটনায় তিনি আহত হননি।
মালদ্বীপের প্রেসিডেন্ট সৌদি আরবে হজ পালন করে হুলহুল বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে একটি স্পিডবোটে করে তিনি ফিরছিলেন।
.
