আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ‘সমন্বয় কাঠামো’ চায় রাশিয়া

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১৬:২৩


ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের জন্য সকল শক্তিশালী রাষ্ট্রগুলোকে নিয়ে একটি ‘সমন্বয় কাঠামো’ গড়ার আহ্বান জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন। এ সময় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি সমর্থনের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

পুতিন তার বক্তব্যে জানান, সিরীয় প্রেসিডেন্টের বাহিনীগুলোই ওই এলাকার একমাত্র বৈধ নিয়মিত বাহিনী। এই বাহিনীগুলোর সেনারা সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই করছে জানিয়ে তিনি বলেন, এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ গ্রহণ করার জন্য একটি সাধারণ ক্ষেত্র তৈরি করা গেলে রাশিয়া সন্তুষ্ট বোধ করবে।

কিন্তু পশ্চিমা দেশগুলো ও সিরিয়ার বিরোধীদলগুলো বলছে, আসাদকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ ও যুক্তরাষ্ট্রের ওবামা- সিরিয়ায় কোনো শান্তিচুক্তি হওয়ার পূর্বশর্ত হিসেবে প্রেসিডেন্ট আসাদের অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে বলে দাবি করেছিলেন। তাদের এই দাবি সবসময়ই প্রত্যাখ্যান করে আসছেন পুতিন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, "আইএস জঙ্গিদের পরাজিত করতে হলে দামেস্কর (আসাদ) সরকারকে দুর্বল করা যাবে না।"

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যামেরনও জাতিসংঘের ভাষণে আসাদের বিষয়ে নমনীয় মনোভাব দেখাবেন বলে ধারণা দিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। জাতিসংঘের বার্ষিক এই অধিবেশনের ভাষণে তিনি সিরিয়ার অর্ন্তবর্তী সরকারের প্রধান হিসেবে অস্থায়ীভাবে আসাদকে ক্ষমতায় রেখে দেওয়ার বিষয়টি সমর্থন করতে পারেন বলে গণমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে। রয়টার্স।