গুলশানে ইতালির নাগরিক হত্যার ঘটনায় মামলা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ১২:৪৩
ঢাকার গুলশানে কূটনীতিক পাড়ায় ইতালির নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 
নিহত তাবেলা তেজারের একজন সহকর্মী মঙ্গলবার সকালে থানায় এসে এই মামলা দায়ের করেন বলে গুলশান থানার এসআই সাব্বির রহমান জানান।
 
পুলিশ জানায়, তাবেলা তেজার সান্ধ্যকালীন জগিং করছিলেন সোমবার। তিনি ৯০ নম্বর সড়কের ফুটপাত দিয়ে হাঁটার সময় একজন অজ্ঞাত যুবক তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে। এসময় রাস্তায় একটি মোটরসাইকেলে দুই যুবক অপেক্ষা করছিলেন। গুলির পর ওই যুবক মোটরসাইকেলে থাকা দুই যুবকের সঙ্গে পালিয়ে যায়।
 
সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই বিদেশিকে ইউনাইটেড হাসপাতালে  আনা হয়। পরে রাত পৌণে ৮ টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
 
নিহত তাবেলা তেজার আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।