তাইওয়ানে টাইফুন দুজুয়ানের আঘাত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৩৭
 
তাইওয়ানে সুপার টাইফুন দুজুয়ান আঘাত হেনেছে। এতে দুইজন মারা গেছেন।  স্থানীয় সময় সোমবার রাতে এই আঘাত হানে।
 
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুজুয়ান ঘণ্টায় ১৪১ মাইল বেগে আঘাত হানে। এতে তাইওয়ানের ১৮ লাখ ঘর-বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
 
IMG0
 
বিবিসির জানিয়েছে, একজন বৃদ্ধ ও নির্মাণ শ্রমিক দুজুয়ানের আঘাতে মারা গেছেন। এতে আহত হয়েছেন তিনশতাধিক মানুষ।
 
ঝড়ের কারণে দ্বিতীয় দিনের মতো স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। এখনো ভূমিধস ও উপকূলীয় এলাকায় উঁচু ঢেউ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে হুঁশিয়ারি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
IMG1
 
দুজুয়ান আঘাত হানার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
 
মাত্র একদিনেই তাইওয়ানের কোনো কোনো অঞ্চলে ৯০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি তাইওয়ানের বার্ষিক বৃষ্টিপাতের এক তৃতীয়াংশ।
 
মঙ্গলবার সকালে দুজুয়ান চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানের দিকে গিয়ে দুর্বল হয়ে পড়ে।