পুলিশের বাধায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বাতিল এবং পুনরায় পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে পারেননি।
শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিলেও বেলা ১২টার দিকে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ ও করিডোরে প্রায় শ’খানেক ভর্তিচ্ছু ও অভিভাবক অবস্থান নিয়ে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দেন।
সেখান থেকেও দুপুর পৌনে একটার দিকে তাদের সরিয়ে দেয় পুলিশ।
সোমবারও একই দাবিতে শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় পুলিশ। এদিন বেলা সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মুখে কালো কাপড় বেঁধে মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি শাহবাগ মোড়ের দিকে যাওয়ার সময় শাহবাগ থানার সামনে পুলিশ বাধা দেয়। পরে শিক্ষার্থীরা পাবলিক লাইব্রেরির সামনের রাস্তায় অবস্থান নিয়ে দুপুর দেড়টা পর্যন্ত সেখানে অবস্থান করেন।
এরপর মিছিল নিয়ে টিএসসি-দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। বেলা আড়াইটার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে প্রেসক্লাব এলাকা ত্যাগ করেন তারা।
ওই সময়ই ভর্তি পরীক্ষা বাতিল আন্দোলনের অন্যতম সংগঠক খালেদ সাইফুল্লাহ সোমবার মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান এবং ১ অক্টোবর সারা দেশ থেকে ঢাকামুখী অভিযাত্রা কর্মসূচি পালনের কথা জানান।
