স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা প্রকল্পকাজে অপচয়, বিলাসিতা, অনিয়ম, অস্বচ্ছতা ও দ্বৈততা পরিহার করে জন-আকাংক্ষা পূরণে কাজ করার নির্দেশ দিয়ে বলেছেন, ‘এ ব্যাপারে কোনো প্রকার শৈথিল্য বরদাশত করা হবে না।’
মঙ্গলবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারসহ দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানকে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন নতুন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের অহেতুক হয়রানি না করে অর্পিত দায়িত্বসমূহ যাতে সুষ্ঠু, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে সে জন্য তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় জানানো হয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে মোট ২৫টি প্রকল্পে ২০১৫-১৬ অর্থ বছরে ৯৭১ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। আগস্ট, ২০১৫ পর্যন্ত প্রকল্প কাজের অগ্রগতি সন্তোষজনক। সভায় আরো জানানো হয়—জুলাই ২০০৯ হতে ডিসেম্বর, ২০১৫ মেয়াদে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি ২য় পর্যায় ৯৫ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে দেশব্যাপী ৪২৭৫টি গ্রাম সমিতি নিবন্ধন করা হয়েছে। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমিতিগুলোর মোট উপকারভোগীর সংখ্যা ৬ লাখ ৫২ হাজার ৯৬০ জন। এ প্রকল্প বাস্তবায়িত হলে বর্তমান সরকারের চলমান দারিদ্র্য-বিমোচন কর্মসূচি বেগবান হবে।
