আফগানিস্তানের কুন্দুজে তালেবানদের দখল করা অঞ্চলের পুনর্নিয়ন্ত্রণ নিতে গিয়ে লড়াই করছে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।
-খবর আলজাজিরার
তালেবান যোদ্ধারা কুন্দুজ শহর দখলের একদিন পরই আফগান বাহিনী শহরটির পুনর্নিয়ন্ত্রণ নিতে গেলে মঙ্গলবার এ লড়াইয়ের ঘটনা ঘটে। অব্যাহত লড়াইয়ে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েকটি স্থানে পিছু হটতে বাধ্য হয়েছে।
তালেবান যোদ্ধারা ব্যাপক গোলাগুলির পর এরই মধ্যে শহরটির বিমানবন্দরের কাছাকাছি পৌঁছে গেছে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অন্য সরকারি চাকরিজীবীরা বিমানবন্দরটিতে অবস্থান করছেন।
এর আগে মঙ্গলবার সকালে শহরটির অনেক সরকারি ভবন পুনর্দখল করা হয়েছে বলে জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এ সময় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে অনেক তালেবান সদস্য হতাহত হয়েছে বলেও দাবি করেন তিনি।
এছাড়া শহরের প্রধান সড়কে নিজেদের পতাকা ওড়ায় তালেবানরা। এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লড়াই বাড়তে থাকায় ইতোমধ্যে শহর ছাড়তে শুরু করেছেন বেসামরিক নাগরিকরা।
