এসডিজি বাস্তবায়নে উপায় বের করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩১

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ‘টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)-২০৩০’ একটি সম্মিলিত যাত্রা। এটি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে উপায় খুঁজে বের করতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে আয়োজিত এমডিজি ও এসডিজি’র উপর উচ্চপর্যায়ের এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

 

শেখ হাসিনা বলেন, এসডিজি বাস্তবায়নের জন্য সরকারি ও বেসরকারি এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনসহ সকল উত্স থেকে আমাদেরকে সম্পদ সংগ্রহ করার প্রয়োজন হবে। অন্যথায় ওডিএ’র লক্ষ্য পূরণ করতে শুরু থেকেই খুবই সমস্যা হবে।

 

তিনি বলেছেন, এমজিডি অর্জনের মতো এসডিজি’ও অর্জন করে বাংলাদেশ আরো একটি দৃষ্টান্ত স্থাপন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। এই যাত্রায় কেউ পিছু হটবে না। আমরা বাংলাদেশকে একটি প্রগতিশীল, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যাশা করি।
 
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি এবং উন্নয়ন ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের জন্য ব্যাপক সমর্থন প্রয়োজন। বাংলাদেশে বিশেষ করে স্বাস্থ্য, কৃষি, জ্বালানি ও পরিবহনের মতো সেক্টরগুলোতে পরিবেশ উপযোগী প্রযুক্তি প্রয়োজন।
 
অনুষ্ঠানে নেদারল্যান্ডের রাজা উইলিয়াম আলেক্সজান্ডার, বেনিন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বোনি ইয়াই, সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন এল ফেভেন, সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মোগেনস লেকেটোফট, ইউএনডিপি’র প্রশাসক মিস হেলেন ক্লার্ক, ইউএন আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি গায়ান চন্দ্র আচারিয়া এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বিশেষ দূত মাহমুদ মহিউদ্দিন বক্তব্য রাখেন।-বাসস।