কালিহাতীর ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৪১
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ-জনতা সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় সব তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে স্বরাষ্ট্রসচিবকে এ নির্দেশ দেয়া হয়েছে। ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বুধবার এ আদেশ দেন। 
 
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সালমা আলী।  রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
২১ সেপ্টেম্বর টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী এই রিট আবেদন করেন।