‘বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই এটা নিশ্চিত’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৪৪
 
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এটা নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে ও একে প্রশ্রয়ও দেয় না। বুধবার সচিবালয়ে ইতালীয় নাগরিক তেজারে তাবেলাকে হত্যার তদন্তের বিষয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
তাবেলাকে হত্যায় আইএস দায় স্বীকার করার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা এখন পর্যন্ত এর কোনো সত্যতা পাইনি। এছাড়া ইতালির কর্তৃপক্ষ আইএসের যেসব অফিসিয়াল ওয়েবসাইট আছে সেগুলো খতিয়ে দেখছেন। তারাও আমাদের এই সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি।
 
সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে তাবেলা তেজারকে গুলি করে হত্যা করা হয়। তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে রাত পৌনে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
 
তাবেলা আইসিসিও কো-অপারেশন নামে একটি আন্তর্জাতিক সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।