'দেশি-বিদেশি অশুভ শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে'

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৪৬
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'দেশে অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশি-বিদেশি অশুভ শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। দেশের ভালো পরিবেশ থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের না আসা, ইতালীয়ান নাগরিক হত্যা এবং যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের নাগরিকদের চলাফেরা সীমিত করা- সেই ইঙ্গিতই বহন করছে। বুধবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়ক পরিদর্শন শেষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলী এলাকায় এ কথা বলেন তিনি।
  
তিনি আরও বলেন, 'তিন চাকার যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। ইতিমধ্যে এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তাই সড়ক দুর্ঘটনা অনেক কমেছে। যানজট সমস্যাও সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। মন্ত্রী মহাসড়ক ছাড়াও জেলা অভ্যন্তরীন সড়কগুলো যথাযথ সংস্কারের ওপর গুরুত্বারোপ করে স্থানীয় নির্বাহী প্রকৌশলীকে তড়িত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ঠিকাদারকে অসমাপ্ত কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ দেন। যথা সময়ে কাজ শেষ না করলে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। 
 
মন্ত্রী আরও বলেন, নিরাপদে পথ চলতে সরকার কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। লাইসেন্স বিহীন চালক ও ফিটনেস বিহীন গাড়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিভিন্ন ত্রুটির জন্য ভ্রাম্যান আদালত ১১ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও জরিমানা করা হয়েছে। 
 
এই সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, ইউএনও রওনক আফরোজ সোমা, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, পদ্মহেম ধামের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রমুখ।