ডাচ রাণীর সঙ্গে বৈঠক : উন্নয়ন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৩৪
 
নেদারল্যান্ডের রাণী ম্যাক্সিমার সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির জন্য ব্যাপক ভিত্তিক অর্থায়ন কর্মসূচি চালু করার কথা জানান প্রধানমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দফতরে এ বৈঠক হয়।
 
জাতিসংঘ মহাসচিবের উন্নয়ন সংক্রান্ত ব্যাপক ভিত্তিক অর্থায়ন বিষয়ক স্পেশাল অ্যাডভোকেট রাণী ম্যাক্সিমা এই অর্থায়ন কর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন। রাণী বলেন, তিনি ব্যাপক ভিত্তিক অর্থায়ন কর্মসূচি সংক্রান্ত একটি কৌশল চালু করতে যাচ্ছেন এবং তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি চান।
 
শেখ হাসিনা বৈঠককালে খাদ্য নিরাপত্তা, স্কুলের পাঠ্য বই বিতরণ, ইন্টারনেট সংযোগ এবং সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচিসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন সম্পর্কে রাণীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী নদী ড্রেজিং ও জলবায়ু সহিষ্ণুতাসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে রাণীর সহায়তা কামনা করেন।
 
শেখ হাসিনা বলেন, নেদারল্যান্ডস ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বাংলাদেশকে সাহায্য করতে পারে। জবাবে রাণী বলেন, ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য নেদারল্যান্ডস আরো কর্মসূচি গ্রহণ করবে। বাসস।