জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, ‘সহিংস চরমপন্থা প্রতিহত করতে বিশ্বজুড়ে একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। সরকারগুলো একা এটা করতে পারে না।’ সহিংস চরমপন্থা নিয়ে জাতিসংঘের একটি শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে তিনি এ কথা বলেন। খবর সিনহুয়ার।
স্থানীয় সময় মঙ্গলবার সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘দায়েশ এবং বোকো হারামসহ সহিংস চরমপন্থী গ্রুপগুলো আন্তর্জাতিক নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি প্রদর্শন করে, নির্বিচারভাবে নারী ও বালিকাদের টার্গেট করে এবং শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার বৈশ্বিক মূল্যবোধকে ধ্বংসের চেষ্টা করে। সাম্প্রতিক তথ্য অনুসারে সংঘাতের মধ্যে থাকা অঞ্চলগুলোর এক শটিরও বেশি দেশে ভিনদেশি সন্ত্রাসী ৭০ ভাগ বেড়েছে।’
বান কি মুন বলেন, ‘সাফল্যের অন্যতম চাবিকাঠি হতে পারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা।’ তার মতে, ‘ধর্মীয় নেতৃত্ব, নারী নেত্রী, শিল্প, সঙ্গীত ও ক্রীড়া নেতৃবৃন্ধ—সমাজের সবাইকে আমাদের যুক্ত করা প্রয়োজন।’
তিনি বলেন, ‘অন্য গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে— তরুণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর একটি বিশেষ প্রচেষ্টা গ্রহণ করা এবং সত্যিকারের জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা। জাতিসংঘ মহাসচিব আরো বলেন, ‘মৌলিকভাবে, আমরা অবশ্যই আমাদের সাধারণ মূল্যবোধ দ্বারা চালিত হব। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের প্রতি সম্মান আপোষমূলক নয়। এটা ছাড়া আমরা হেরে যাব।’
উল্লেখ্য, বান কি মুন তার বক্তৃতায় সহিংস চরমপন্থা প্রতিরোধে আগামী বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনে তার কর্মপরিকল্পনা প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
