মাত্র তিন মাস সময়ের মধ্যে ব্রাজিলের শীর্ষ সারির ক্লাব ফ্লামিনেন্সের সঙ্গে সম্পর্ক শেষ করে বিদায় নিয়েছেন ব্রাজিল ও বার্সেলোনার সাবেক তারকা রোনালদিনহো। রিও ডি জেনিরোর ক্লাবটির সঙ্গে রোনালদিনহোর ২০১৬ সাল পর্যন্ত চুক্তি ছিল।
এক বিবৃবিতে ফ্লামিনেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতেই রোনালদিনহো ক্লাব ছেড়ে চলে গেছেন। দুইবারের ফিফা বিশ্ব সেরা খেলোয়াড় ও ২০০০ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য রোনালদিনহো অবশ্য জানিয়েছেন ব্যক্তিগত কারনে তিনি ফ্লামিনেন্সের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছেন। ফেসবুকে রোনালদিনহো বলেছেন, "এই দলের জার্সি গায়ে দিতে পেরে আমি সত্যিই গর্বিত। ফ্লামিনেন্সের সকল সমর্থকদের জন্য রইলো আমার কৃতজ্ঞতা।"
ফ্লামিনেন্সের হয়ে এ পর্যন্ত খেলা নয়টি ম্যাচে ৩৫ বছর বয়সী রোনালদিনহো কোন গোল করতে পারেননি, এমনকি সতীর্থদের কোন গোলে সহায়তাও করেননি। যে কারণে অনেক সময় তাকে ক্লাব সমর্থকদের রোষানলে পড়তে হয়েছে। বর্তমানে লীগ টেবিলে দ্বাদশতম স্থানে রয়েছে ফ্লামিনেন্স। পোর্তো আলেগ্রের ঘরের ক্লাব গ্রেমিওতে রোনালদিনহো তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। এরপর একে একে প্যারিস সেইন্ট জার্মেই, বার্সেলোনা ও এসি মিলানে তিনি খেলেছেন। পরে ব্রাজিলে ফিরে এসে তিনি ২০১১-২০১২ মৌসুমে ফ্লামেনগো ও ২০১২-১৪ পর্যন্ত এ্যাথলেটিকো মিনেইরোতে খেলেছেন। মিনেইরোর হয়ে ২০১৩ সালে তিনি কোপা লিবারেটেডরসের শিরোপা লাভ করেন। বাসস।
