আর্সেনাল, চেলসির পরাজয়ের দিনে বায়ার্নের জয়

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১৮:০১
 
আর্সেনাল এবং চেলসির জন্য চ্যাম্পিয়নস লীগে কালকের রাতটা ভাল না কাটলেও রবার্ট লিওয়ানোদোস্কির হ্যাটট্রিকে বড় জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। গ্রুপ-ই’তে প্রথম ম্যাচে রোমার সঙ্গে ড্র করা বার্সেলোনা ইনজুরি আক্রান্ত লিয়নেল মেসিকে ছাড়া মাঠে নেমে বায়ার লিভারকুসেনের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে।
 
ক্যাম্প ন্যুতে ২২ মিনিটে লিভারকুসেনের গ্রীক সেন্টার ব্যাক কিরিয়াকোস পাপাডোপোলাসের শক্তিশালী হেডে পিছিয়ে পড়েছিল বার্সা। কিন্তু শেষ ১০ মিনিটে লুইস সুয়ারেজ ও সার্জি রবার্তোর গোলে রক্ষা পায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৮০ মিনিটে সুয়ারেজের শট লিভারকুসেনের গোলরক্ষক বার্নার্ড লেনো আটকে দিলেও ফিরতি বলে সার্জি রবার্তো গোল করে ম্যাচে সমতা ফেরান। এর দুই মিনিট পরে বার্সাকে পূর্ণ তিন পয়েন্ট উপহার দেন লিভারপুলের সাবেক স্ট্রাইকার সুয়ারেজ। ম্যাচ শেষে সুয়ারেজ বলেছেন, আমরা আজ খুব একটা ভাল ফুটবল খেলতে পারিনি। কিন্তু দিনের শেষে আমরাই জয়ী হয়ে মাঠ ছেড়েছি। আমাদের দেখাতে হবে যে আমরাই চ্যাম্পিয়ন।
 
যদিও হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে ৬০ মিনিটে অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার মাঠ ত্যাগ কাতালান জায়ান্টদের ভাবিয়ে তুলেছে। ইতোমধ্যেই মেসিসহ বেশ কয়েকজন শীর্ষসারির খেলোয়াড় ইনজুরির কারনে দলের বাইরে রয়েছেন।
 
গ্রুপ-ই’র অপর ম্যাচে ইতালিয়ান জায়ান্ট রোমা ৩-২ গোলে বিএটিই বোরিসোভের কাছে পরাজিত হয়ে টেবিলের তলানিতে চলে গেছে। ম্যাচের প্রথমার্ধেই স্টাসেভিচ ও ম্লাডেনোভিচের দুই গোলে বোরিসভ এগিয়ে যায়। ৬৬ মিনিটে গারভিনহো ও ৮২ মিনিটে টোরোসিডিস রোমাকে ম্যাচে ফেরালেও বোরিসভকে আটকানোর জন্য তা যথেষ্ঠ ছিল না।
 
গ্রুপ-জি’র লড়াইয়ে হোসে মরিনহোর সাবেক ক্লাব পোর্তো ২-১ গোলে পরাজিত করেছে চেলসিকে। ২০০৪ সালে মরিনহোর অধীনেই পোর্তো দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছিল। পোর্তোর মাঠে আন্দ্রে আন্দের প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। যদিও বিরতির ঠিক আগ মুহূর্তে উইলিয়ানের দূর্দান্ত ফ্রি-কিকে সমতা ফেরায় চেলসি। এরপর মাইকনের ৫২ মিনিটের হেডে ব্যবধান দ্বিগুন করে পর্তুগীজ জায়ান্টরা।
 
ইউক্রেনিয়ান ক্লাব ডায়নামো কিয়েভ ২-০ গোলে মাকাবি তেল-আভিভকে পরাজতি করে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে উঠে এসেছে। দুই ম্যাচে তাদের সংগ্রহ চার পয়েন্ট। সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পোর্তো। এক পয়েন্ট পিছিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
 
তবে কালকের রাতে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে গ্রীক চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোস। এমিরেটস স্টেডিয়ামে তারা আর্সেনালকে ৩-২ গোলে পরাজিত করেছে। এর ফলে গ্রুপ-এফ’এ দুটি ম্যাচেই পরাজিত হয়ে টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে গানার্সরা। এ ছাড়া এর মাধ্যমে গ্রীকসরা ইংল্যান্ডে টানা ১২ ম্যাচ পরাজয়ের খড়াও কাটিয়েছে। ৩৩ মিনিটে ফিলিপ পারডোর গোলে অলিম্পিয়াকোস এগিয়ে যাবার দুই মিনিট পরে থিও ওয়ালকট সমতা ফেরান। কিন্তু ৪০ মিনিটে কোসটাসা ফোরটোনিসের কর্ণার থেকে প্রাপ্ত বল গোলরক্ষক ডেভিড ওসপিনার মারাত্মক ভুলে জালে জড়ালে আত্মঘাতি গোলের লজ্জায় ডুবে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। বিরতির পরে ৬৬ মিনিটে এ্যালেক্সিস সানচেজ স্বাগতিদের সমতায় ফেরালেও মিনিটখানেক পরে আইসল্যান্ডের স্ট্রাইকার আলফ্রেড ফিনবোগাসন জয়সূচক গোলটি করে স্বাগতিক সমর্থকদের মুখ বন্ধ করে দেন।
 
ম্যাচ শেষে ওয়েঙ্গার বলেছেন, রক্ষনভাগের ভুল এবং দূর্ভাগ্যের কারণে আজ আমরা পরাজিত হয়েছি। এখন আমাদের সামনে পরবর্তী রাউন্ডে যাওয়া কঠিন হয়ে গেল। 
ঘরের মাঠ আলিয়াঁজ এরিনাতে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ক্রোয়েশিয়ান ক্লাব ডিনামো জাগ্রেবের বিপক্ষে একটু বেশি আগ্রাসী হয়ে উঠেছিল। পোলিশ তারকা লিওয়ানোদোস্কির হ্যাটট্রিকের সঙ্গে ডগলাস কস্তা ও মারিও গোয়েতজের গোলে জাগ্রেববেকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পেপ গার্দিওলার দল। বুন্দেসলিগায় শেষ ম্যাচে উল্ফসবার্গের বিপক্ষে মাত্র নয় মিনিটে পাঁচ গোল করে রেকর্ড গড়া লিওয়ানোদোস্কি এখন বেভারিয়ান্সদের হয়ে শেষ তিন ম্যাচে দশ গোল করলেন। বাসস।