এসডিজি লক্ষ্য গৃহীত হওয়ায় বানকি মুনকে ইউনূসের অভিনন্দন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৩৩
 
জাতিসংঘ সাধারণ পরিষদে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য সফলভাবে গৃহীত হওয়ায় সংস্থাটির মহাসচিব বানকি মুনকে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা যা ভবিষ্যৎ পৃথিবীকে একটি নতুন রূপ দেবে। তিনি আরো বলেন, আমাদের পরবর্তী চ্যালেঞ্জ হবে বিশ্বের প্রতিটি পরিবারের দৈনন্দিন জীবন পরিচালনায় এসডিজি-কে একটি গৃহস্থালি শব্দে পরিণত করা।
 
প্রফেসর ইউনূস উন্নয়নশীল দেশগুলোকে '২০৩০ এজেন্ডা' সফলভাবে বাস্তবায়নে সহায়তা করার জন্য মহাসচিব ও  জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
 
বান কি-মুন সম্প্রতি জাতিসংঘ সদর দফতরে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল- এমডিজি সমর্থকদের একটি সেশনে সভাপতিত্ব করেন। বিশ্বব্যাপী এমডিজিকে এগিয়ে নিতে ও টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়নে এই সমর্থকরা উপদেষ্টা হিসেবে তাকে সহায়তা করেন।
 
প্রফেসর মুহাম্মদ ইউনূস, নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গ, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত রেমন্ড জি. চেম্বার্স, অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক নেতৃস্থানীয় বিশেষজ্ঞ জেফ্রি স্যাক্স, প্রাক্তন কোরিয়ান কূটনীতিক ও রাষ্ট্রদূত ডো ইয়াং-শিম, এবং মার্কিন মিডিয়া মোগল টেড টার্নারসহ এমডিজি সমর্থকরা জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সাথে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত টেকসই উন্নয়ন সম্মেলন ২০১৫-এর সমাপনী সভায় অংশগ্রহণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি