ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রযুক্তির প্রতি আগ্রহের কথা মোটামুটি অনেকেরই জানা কথা। যেখানেই যান সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা নিয়ে সমালোচকদের তির্যক মন্তব্যেরও মুখে পড়তে হয়েছে তাকে। তবে হয়তো এসব জানা ছিল না ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের।
ফেসবুক সদর দফতরে ছবি শিকারীরা যখন তাদের দুজনকে ঘিরেফেললে মোদীকে ক্যামেরার আড়াল করার চেষ্টা করেন জাকারবার্গ। ব্যাপারটা বুঝতে পেরে তার হাত ধরে পাশে সরিয়ে এনে ক্যামেরার মুখোমুখি দাঁড়ান মোদী। এমন একটি মুহূর্তের ভিডিও দিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।
মোদীর যুক্তরাষ্ট্র সফরের বড় একটা অংশজুড়েই ছিল টেক দুনিয়ার শীর্ষস্থানীয়দের সাথে তার 'ডিজিটাল ইন্ডিয়া' নিয়ে আলোচনা পর্ব। এর জন্য গুগল থেকে শুরু করে মাইক্রোসফট সবখানেই নিজের সরব উপস্থিতির কথা জানান দিয়েছেন মোদী। তবে তার এই সিলিকন ভ্যালি সফরে বিপত্তিও কম হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রটেছে মাইক্রোসফট সিইও সত্য নাদেলা নাকি মোদীর সাথে করমর্দন করেই নিজের হাত মুছেছেন। একই কারণে জাকারবার্গের বাড়িতে হ্যান্ড ওয়াশ পাঠানোরও হিড়িক পড়েছে।
