ফিলিস্তিনের পতাকা উড়লো জাতিসংঘে

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ১০:০৪
নিউইর্য়কে জাতিসংঘ সদর দফতরে প্রথমবারের মতো ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে পতাকা উত্তোলন অনুষ্ঠানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত ছিলেন। 
 
তিনি বলেন, এটি নিঃসন্দেহে আমাদের জনগণের জন্য স্মরণীয় দিন। কিন্তু জাতিসংঘকে শুধু আশাবাদই নয়, এর থেকেই বেশি কিছু অবশ্যই ফিলিস্তিনিদের দিতে হবে।
 
সাধারণ পরিষদে দেয়া ভাষণে মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে প্রশ্ন এখনও অমীমাংসিত রয়ে গেছে। ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে করা চুক্তি  ইসরায়েল ‘ক্রমাগত লঙ্ঘন’ করে যাচ্ছে। 
 
এর আগে চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে জাতিসংঘে ফিলিস্তিন আর ভ্যাটিকানের পতাকা ওড়ানোর একটি প্রস্তাব গ্রহণ করে সাধারণ পরিষদ। ওই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইজরায়েল এর বিরোধিতা করে। তবে সংখ্যাগরিষ্ঠের ভোটে প্রস্তাবটি পাস হয়। 
 
২০১২ সালে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয় জাতিসংঘের সাধারণ পরিষদ।